Image description

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। ফলে বাকি একটি সরাসরি জায়গার জন্য লড়াই এখন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে।

আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। নির্ধারিত সময়ের মধ্যে র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা দলগুলো থেকে মোট ১০টি দল সরাসরি মূলপর্বে জায়গা পাবে। বাকি চারটি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান। এর আগে প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। এরপর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আফগানরা।

বর্তমানে ওয়ানডে র‌্যাংকিংয়ে আফগানিস্তানের অবস্থান অষ্টম। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের সেরা নয়ের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে তাদের।

এদিকে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকারও সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েও মূলপর্বে থাকবে।

ফলে একটি সরাসরি জায়গা এখনো বাকি। সেই জায়গার জন্য লড়াইয়ে রয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে র‌্যাংকিংয়ে বাংলাদেশ নবম এবং ওয়েস্ট ইন্ডিজ দশম অবস্থানে রয়েছে।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে পারলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেবে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশকে টপকে শীর্ষ নয় দলের মধ্যে ঢুকতে হবে।