বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক গতি তারকা শফিউল ইসলামের মা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বার্তার মাধ্যমে শফিউল নিজেই খবরটি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে শফিউল লেখেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার পরম শ্রদ্ধেয় মা আজ সকাল ৮:৩০ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। মহান আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’
শফিউলের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও সাবেক পেসার রুবেল হোসেন। এক শোকবার্তায় রুবেল বলেন, ‘আমার বন্ধু শফিউল ইসলাম সুহাসের আম্মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। সংবাদটা শুনে সত্যিই হৃদয়টা ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন।’
উল্লেখ্য, ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া শফিউল ইসলাম বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট, ৬০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ১০৭টি উইকেট। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মহাকাব্যিক জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে নবম উইকেটে তার অবিস্মরণীয় জুটিতে জয় পেয়েছিল বাংলাদেশ।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর চলতি বছরের ৫ জানুয়ারি সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই ডানহাতি পেসার। তার মায়ের মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ডিআর




Comments