হংকংয়ের বিপক্ষে দারুণ এক জয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। তবে দলের জয়ের চেয়েও বেশি আলোচনায় পাকিস্তানি স্পিনার নাশরা সান্ধু। রেকর্ড গড়া বোলিংয়ে তিনি গড়েছেন অনন্য এক কীর্তি।
সোমবার দুবাইয়ে হংকংয়ের বিপক্ষে মাত্র ৪ ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার সান্ধু। তার দুর্দান্ত বোলিংয়ে ৭২ রানের বড় জয় পায় পাকিস্তান।
এই পারফরম্যান্সের মধ্য দিয়ে নারী টি-টোয়েন্টিতে পাকিস্তানের প্রথম বোলার হিসেবে এক ম্যাচে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সান্ধু। এর আগে এই সংস্করণে পাকিস্তানের সেরা বোলিং ছিল ওমাইমা সোহাইলের। ২০২২ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়া অন্য বোলার হলেন নিদা দার। ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন এই অলরাউন্ডার।
তবে সান্ধুর রেকর্ড শুধু টি-টোয়েন্টিতেই সীমাবদ্ধ নয়। এর আগেই ওয়ানডেতে এক ম্যাচে ৬ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে তার। গত বছর লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি।
ফলে নারী ক্রিকেটে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই এক ম্যাচে ৬ উইকেট নেওয়া প্রথম বোলার হলেন সান্ধু।
পুরুষ ক্রিকেটে অবশ্য এমন কীর্তি রয়েছে দুজনের। শ্রীলঙ্কার সাবেক স্পিনার অজান্তা মেন্ডিস এবং ভারতের ইউজভেন্দ্রা চাহাল—দুজনই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৬ উইকেট নেওয়ার স্বাদ পেয়েছেন।
সান্ধুর রেকর্ডময় বোলিংয়ের দিনে হংকংকে ১৪৩ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জবাবে হংকংয়ের ইনিংস থামে ৭২ রানে। এতে ৭২ রানের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।
সেমিফাইনালে পাকিস্তানের সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
এমআর




Comments