এশিয়ান গেমসে আগামীকাল বুধবার মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জাপানের আইচি-নাগোয়ায় মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন টাইগার ড্যাশিং ওপেনার লিটন দাস।
তিনি বলেন, ‘দেশ ছাড়ার আগেই বলেছিলাম, আমাদের প্রথম লক্ষ্য ফাইনালে যাওয়া। স্বর্ণ পাব কি না, সেটা পরের বিষয়; তবে তার জন্য আগামীকালের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আপাতত ওটার দিকেই মনোযোগ দিচ্ছি।’
২০২৬ সালের এশিয়ান গেমসে সব ইভেন্ট মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র অর্জন উশুতে পাওয়া একটি ব্রোঞ্জ পদক। নারী ক্রিকেট দলও খুব একটা সুবিধা করতে পারেনি। ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে তারা হেরে যায় পাকিস্তানের কাছে। ফলে ক্রীড়াপ্রেমীদের সব চোখ এখন লিটনদের দিকে।
তবে লিটন জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য ধাপে ধাপে এগোনো। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আপাতত অতদূর ভাবছি না। প্রথম ম্যাচটা খেলি, জিতলে তারপর পরবর্তী চিন্তাভাবনা করব।’
নিশিনে আজও প্রথম (হংকং-পাকিস্তান) ও দ্বিতীয় (আফগানিস্তান-ভারত) কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। টি-টোয়েন্টিতে তুলনামূলক ভালো র্যাঙ্কিংয়ে থাকার সুবাদে সেমিফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান ও ভারত। আগামীকাল বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচও যদি বৃষ্টিতে ভেসে যায়, তবে র্যাঙ্কিংয়ের সুবিধায় সেমিফাইনালে পৌঁছাবে বাংলাদেশ এবং সেখানে তাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান।
বৃষ্টির আশঙ্কা নিয়ে লিটন বলেন, ‘খেলা না হলে তো কিছু করার থাকবে না। আগেই বললাম, বৃষ্টির ওপর কারও হাত নেই।’
এমআর




Comments