Image description

ইনিংসে শতক পেরিয়ে ৩ উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটে পড়ে যাওয়া বাংলাদেশ দলকে টানছিলেন ওপেনার সাদমান ইসলাম অনিক ও তাওহিদ হৃদয়। সাদমান যখন ক্যারিয়ারের চমৎকার এক সেঞ্চুরির দ্বারপ্রান্তে এবং হৃদয় এগোচ্ছিলেন ফিফটির দিকে, ঠিক তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত অঘটন। শারীরিক অসুস্থতা ও তীব্র ক্রাম্পের কারণে ফিজিওর পরামর্শে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় হৃদয়কে। আর এর কিছুক্ষণ পরই মাঠের আলো কমে আসায় আম্পায়াররা প্রথম দিনের খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন।

আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৭ রান।

ইনিংসে ব্যাটিংয়ের সময় ইনিংসের ৬৩তম ওভারে প্রথমবার তীব্র ক্রাম্পের শিকার হন তাওহিদ হৃদয়। সাদমান ইসলাম ২ রান নেওয়ার উদ্দেশ্যে দৌড়ানোর সময় ক্রিজের পাশেই যন্ত্রণায় শুয়ে পড়েন হৃদয়। সে সময় প্রাথমিক চিকিৎসা ও স্প্রে নেওয়ার পর সাহসিকতার সঙ্গে আবারও ক্রিজে ব্যাটিং চালিয়ে যান তিনি।

তবে ইনিংসের ৬৭তম ওভারে স্পিনার জশু বিশপের পঞ্চম বলে সিঙ্গেল নেওয়ার পর আবারও ক্রিজে বসে পড়েন তিনি। দলের ফিজিও মাঠে প্রবেশ করে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিলেও যন্ত্রণায় আর উঠে দাঁড়াতে পারেননি তিনি। বাধ্য হয়ে মাঠের দায়িত্বে থাকা মেডিকেল স্টাফরা তাকে স্ট্রেচারে করে ড্রেসিংরুমে নিয়ে যান।

অসুস্থ হয়ে মাঠ ছাড়ার সময় ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়ে ৪২ রানে অপরাজিত ছিলেন হৃদয়। তার জায়গায় ক্রিজে নামেন লিটন দাস, যিনি ৭ রানে অপরাজিত আছেন।

অন্যদিকে, অপর প্রান্তে দারুণ ক্লাসিক্যাল ব্যাটিং উপহার দিয়ে বাংলাদেশ দলের হাল শক্ত হাতে ধরে রাখা সাদমান ইসলাম অনিক ৯৬ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে দাঁড়িয়ে আছেন এই বাঁহাতি ব্যাটার। আলোর সার্বিক পর্যবেক্ষণ শেষে দিনের বাকি অংশ খেলা সম্ভব না হলে পরবর্তী নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হবে।

ডিআর