রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মনোনয়ন পত্র ছাড়ার সাত দিনে সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডসহ মোট ৫৯টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।
মঙ্গলবার (২ মে) বিকেলে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৬ এপ্রিল থেকে এখন (৭ দিনে) পর্যন্ত মোট ১২টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল প্রার্থীরা। তবে গতকালের চাইতে আজ (মঙ্গলবার) তা পাঁচ গুণ ছাড়িয়েছে। মোট ৫৯টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। এর মধ্যে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ১৬টি এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৩টি মনোনয়ন উত্তোলিত হয়েছে।
সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে সবচেয়ে বেশি (৮টি মনোনয়ন) মনোনয়ন সংগ্রহ হয়েছে ২৬, ২৭ ও ৩০ নম্বর ওয়ার্ডে। অপরদিকে ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি মনোনয়ন উত্তোলিত হয়েছে (৫টি মনোনয়ন)। তবে মেয়র পদের জন্য এখন পর্যন্ত কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেন নি বলে জানান এই নির্বাচন কর্মকর্তা।
নৌকার মনোনয়ন পত্র সংগ্রহের ব্যাপারে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু সময়ের আলোকে বলেন, আগামী বুধবার (৩ মে) দুপুরে এএইচএম খায়রুজ্জামান লিটন মনোনয়ন পত্র সংগ্রহ করবেন। ওই দিন নগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
নির্বাচন অসিফ সূত্রে জানা গেছে, প্রার্থীরা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন। আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া ও জমা দেওয়া যাবে।
সূত্র আরও জানায়, রাসিক নির্বাচনে এবার ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার ভোট দিবেন। পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এবার প্রথম ভোটার হয়েছেন ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী। গত বছর ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার।
প্রসঙ্গত, রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা পড়ার পর যাচাই-বাছাই করা হবে ২৫ মে। আর ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। তবে যাচাই-বাছাইয়ের পর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি মনে করেন তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে বাছাইয়ে সুবিচার পাননি, তাহলে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। আর রাসিক নির্বাচনের জন্য বিভাগীয় কমিশনারকে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের শেষ সময় ২৮ মে। আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ৩১ মে। আগামী ২১ জুন সব ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে।




Comments