শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী ধরার কথা বলে অভিযুক্তরা ভুক্তভোগীর স্বামীকে ডেকে নিয়ে গিয়ে একটি বাগানে বেঁধে রাখে। পরে তার মোবাইল ফোন থেকে স্ত্রীকে টাকা ও একটি পেনড্রাইভ নিয়ে আসতে বলা হয়। সেখানে পৌঁছালে স্বামীর সামনেই তিনজন মিলে ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ।
ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় অভিযান চালিয়ে হযরত আলী খন্দকার (৪০), ইমন খন্দকার (২৬) ও রাব্বি (২৮) নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
নড়িয়া থানার ওসি বাহার মিয়া জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায়। পরে রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীর স্বামীর সঙ্গে অভিযুক্তদের মাদকসংক্রান্ত লেনদেন ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Comments