Image description

ঢাকায় একটি দেশের দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর ওই দূতাবাসসহ রাজধানীর সব দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত বুধবার (১৯ আগস্ট) রাতে একটি সন্ত্রাসী গোষ্ঠী ই-মেইলের মাধ্যমে ওই দূতাবাসে হামলার হুমকি দেয় বলে জানা গেছে।

হুমকির বিষয়টি দূতাবাসের পক্ষ থেকে পুলিশ সদর দপ্তর ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে জানানো হয়। পরে বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন সিটিটিসি ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা।

সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিনের নেতৃত্বে ঢাকার বারিধারায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার কর্মকর্তা এবং বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত অন্তত ১০ জন বিদেশি নাগরিক উপস্থিত ছিলেন।

মুন্সি শাহাবুদ্দিন বলেন, খবর পাওয়ার পর কর্মকর্তারা দূতাবাসে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। কারা এবং কোন উগ্রবাদী সংগঠন থেকে ই-মেইলটি পাঠিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। তবে এটি স্ক্যাম মেইলও হতে পারে।

দূতাবাসের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ডিপ্লোমেটিক জোনের পুলিশ সদস্যরা দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

ঘটনার দুদিন পর শনিবার (২২ আগস্ট) রাতে সিটিটিসি ও গোয়েন্দা সূত্র জানায়, হুমকির পর ঢাকার সব দূতাবাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে হুমকিদাতাদের শনাক্ত ও তাদের অবস্থান জানতে তদন্ত চলছে।

এসএস