Image description

খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট আমবাড়িয়া কেটলা মাঝিরগাতি মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের নামে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের দ্বিতীয় তলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জনপ্রতি শিক্ষার্থীর কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা দিয়ে বিভিন্ন পুরস্কার কেনা এবং খিচুড়ির আয়োজন করা হয়েছে। বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ২৭৫ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের জন্য শিক্ষকদের পক্ষ থেকে তাদের কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে আমবাড়িয়া কেটলা মাঝিরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় বিশ্বাস বলেন, ‘ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আমরা স্কুলের ফান্ড থেকে টাকা দিয়েছি। দশম শ্রেণিসহ অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা খুশি হয়ে কমবেশি করে টাকা দিয়েছে। সব জায়গায় সরকারি নির্দেশনা থাকে না। আমাদের স্কুলের আয় কম। সে অনুযায়ী টাকা নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিভাবকরাও কোনো আপত্তি করেননি।’

এ বিষয়ে দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা বেগম বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্ত বলেন, ‘কোনো শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এসএ