Image description

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে শুনানি শেষে আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানায়, শুনানিকালে তার বিরুদ্ধে আনা ঋণখেলাপি ও বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। দাখিল করা নথিপত্র ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য যাচাই করে কমিশন নিশ্চিত হয়, অভিযোগগুলো ভিত্তিহীন। এর পরিপ্রেক্ষিতেই আপিল খারিজ করে জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখা হয়।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা নির্বাচন কমিশনে আপিল করে আফরোজা খানম রিতার প্রার্থিতা বাতিলের আবেদন করেন।

এরও আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র, হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা আফরোজা খানম রিতাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

মানবকণ্ঠ/আরআই