নিম্ন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারি বা এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। এবারের পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
শুক্রবার (১২ জুন) দিনগত মধ্যরাতে বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, উত্তীর্ণদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। তিনি ঢাকার বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। নিজের এই সাফল্যের কথা জানিয়ে জাইমা রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যাক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’
উল্লেখ্য, গত শুক্রবার সকালে ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন প্রার্থী আবেদন করেছিলেন। বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী, আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে হলে একজন প্রার্থীকে তিনটি ধাপে উত্তীর্ণ হতে হয়। প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এখন দ্বিতীয় ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সর্বশেষ ধাপে মৌখিক পরীক্ষায় (ভাইভা) উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীরা দেশের নিম্ন আদালত ও ট্রাইব্যুনালগুলোতে আইন পেশায় নিয়োজিত হওয়ার সনদ লাভ করবেন।
বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি এই পুরো পরীক্ষা প্রক্রিয়া ও পরবর্তী ধাপগুলোর দিকনির্দেশনা প্রদান করবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments