জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবারের হামলায় আহত চার সেনাকে দ্রুত জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তারা হাসপাতাল ছেড়েছেন। এছাড়া সামান্য আহত অন্য সেনাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে আপাতত তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। স্বজনদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় জানানো হবে।
প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরুর পর থেকে পাল্টা হামলা ও দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ইরাকের আকাশে দুটি রিফুয়েলিং বিমানের সংঘর্ষে ছয়জন এবং কুয়েতে একটি কমান্ড পোস্টে ইরানি ড্রোন হামলায় আরও ছয় সেনার মৃত্যু হয়। এছাড়া চলতি মাসের শুরুতে আরব সাগরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান মার্কিন নৌবাহিনীর এক পাইলট।
এদিকে, ইরান-সংক্রান্ত সামরিক অভিযানে এ পর্যন্ত ৪০০ জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।




Comments