Image description

বাংলাদেশের কণ্ঠশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা বড় এক স্বীকৃতি পেলেন। অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমান তাদের গাওয়া একটি গান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।

দীর্ঘ প্রায় দেড় বছর ধরে ‘মোজি অ্যান্ড কোং’ প্রকল্পের মাধ্যমে পুরোনো জনপ্রিয় গান নতুনভাবে পরিবেশন করে আসছেন শুভ ও নন্দিতা। সম্প্রতি তারা এ আর রহমানের সুর করা জনপ্রিয় গান ‘সাওয়ারিয়া’-এর একটি কাভার প্রকাশ করেন। গানটি শুনে সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রহমান।

এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত শুভ বলেন, “ছোটবেলা থেকেই এ আর রহমানের গান শুনে বড় হয়েছি। তার কাজ সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে। সেই মানুষটিই আমাদের গান শুনে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন—এটা সত্যিই অবিশ্বাস্য এক অনুভূতি।”

অন্যদিকে, এ আর রহমানের স্টোরির স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নন্দিতা লিখেছেন, “আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো, প্লিজ! এই মুহূর্ত আর এই স্মৃতি আমার সারাজীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে।”