Image description

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অল্প সময়ের মধ্যেই ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেন।

এর আগে শুক্রবার (১৭ জুলাই) দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের নির্ধারিত কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিজ্ঞান ইউনিটে ৪ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে আবেদন করেন ৩১ হাজার ৫৫৩ জন, অর্থাৎ প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন গড়ে প্রায় সাতজন শিক্ষার্থী।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৮৮৫টি আসনের বিপরীতে আবেদন করেন ১১ হাজার ২৪৪ জন। এ ইউনিটে প্রতি আসনের জন্য গড়ে প্রায় ছয়জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হয়েছে। এছাড়া কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ নম্বর পাওয়া বাধ্যতামূলক।