Image description

হামভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও বার্তা সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে মেটা। বুধবার কোম্পানিটির প্রধান বৈশ্বিক কর্মকর্তা জোয়েল কাপলান ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

মেটার এক বিবৃতিতে জানানো হয়, মোদির ভিডিও বার্তাটি ভুলবশত প্রায় পাঁচ ঘণ্টার জন্য ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছিল। এ বিষয়ে কাপলান বলেন, “প্রধানমন্ত্রী মোদির পোস্ট ভুল করে সীমিত করার জন্য আমি মেটার পক্ষ থেকে মন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছি।”

তবে বৈঠকে এ বিষয়ে আর কী আলোচনা হয়েছে, সে বিষয়ে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত মাসে শিক্ষার্থীদের আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে দুটি সেলফি ভিডিও বার্তা প্রকাশ করেন। এর মধ্যে একটি ভিডিও মেটা সাময়িকভাবে ব্লক করে দেয়। তখন প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছিল, “আইনি অনুরোধের কারণে ভারতে এটি দেখা যাচ্ছে না।” পরে সমালোচনার মুখে ভিডিওটি পুনরায় চালু করা হয়।

এ ঘটনার পর মঙ্গলবার ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়। কমিটি সতর্ক করে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ ধারার অধীনে মেটা ভারতে বিশেষ আইনি সুরক্ষা (ইমিউনিটি) হারাতে পারে।

এর আগে সোমবার কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে বলেন, প্রধানমন্ত্রীর রিল সাময়িকভাবে ব্লক করার ঘটনায় জাকারবার্গের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত; অন্যথায় মেটাকে আইনি পরিণতির মুখোমুখি হতে হতে পারে।