Image description

মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মক্কার দিকে একটি ড্রোন যাচ্ছিল—শুধু এই দাবির ভিত্তিতে হুথিদের দায়ী করা যথেষ্ট নয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন। খবর আল-জাজিরার।

বাঘাই বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন নিন্দনীয়। বিশেষ করে মক্কার মতো পবিত্র স্থানকে লক্ষ্য করে কোনো হামলা গ্রহণযোগ্য নয়।

তবে মক্কার দিকে যাওয়ার পথে একটি ড্রোন প্রতিহত করা হয়েছে—এমন দাবির ভিত্তিতে হুথিদের বিরুদ্ধে অভিযোগ আনার আগে এর প্রমাণ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরব দাবি করে, হুথিরা মক্কা লক্ষ্য করে একটি ড্রোন উৎক্ষেপণ করেছিল। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে হুথিরা এ অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের এই মুখপাত্র আরও বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর নিরাপত্তার বিষয়টি রাজনৈতিকীকরণ করা উচিত নয়। এসব ঘটনাকে বিভেদ সৃষ্টি বা আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর হাতিয়ার হিসেবেও ব্যবহার করা উচিত নয়।

বাঘাই অভিযোগ করেন, সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে একাধিক ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান হয়েছে। তার দাবি, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড থেকে জনমত অন্যদিকে সরিয়ে নেওয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ তৈরি করা।

তিনি পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিয়ে কোনো ঘটনা ঘটলে প্রকৃত তথ্য নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা আরও না বাড়ানোরও আহ্বান জানান।

এসএস