Image description

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলটির সাংগঠনিক দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডে। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ তিন নেতাকে আটক করার পরও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় দলটি।

এর আগে, আটকের আশঙ্কায় ধারণ করা একটি ভিডিও বার্তায় বিক্ষোভের নেতৃত্ব নিয়ে কথা বলেন অভিজিৎ দীপক। তিনি জানান, তিনি, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক থাকলে সিজেপির অর্গানাইজেশন ইনচার্জ অজিঙ্কা শিন্ডে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে নেতৃত্ব দেবেন।

উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।

ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।