ভারতের উত্তর প্রদেশের মৈনপুরী জেলায় বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়ের মাথায় গুলি করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। সোমবার ভোঁগাও শহরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তরুণীর নাম শাজিয়া (১৯)। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সাইফাই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
মৈনপুরী নগর পুলিশের এসপি অরুণ কুমার সিং জানান, শাজিয়া স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন এবং তাকেই বিয়ে করতে চেয়েছিলেন। তবে তার বাবা আসিন খান (৪৮) আগামী ১৯ নভেম্বর অন্য এক পাত্রের সঙ্গে মেয়ের বিয়ের দিন ঠিক করেছিলেন।
মেয়ের নিজের পছন্দের মানুষকে বিয়ে করার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আসিন ঘুমন্ত অবস্থায় তার মাথায় গুলি করেন বলে অভিযোগ পুলিশের।
গুলির শব্দ শুনে শাজিয়ার মা খেরুন্নিসা দ্রুত ঘরে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগে আসিন খানের বিরুদ্ধে মামলা করেছেন খেরুন্নিসা। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থানায় যাওয়ার পথে আসিন খানকে গ্রেপ্তার করা হয়েছে।
এসএস




Comments