Image description

গতি, শক্তি আর নিখুঁত কৌশলের দারুণ প্রদর্শনীর মধ্য দিয়ে পর্দা উঠল আশিয়ান গ্রুপ নিবেদিত সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর। আত্মরক্ষা ও শারীরিক কসরতের এই রোমাঞ্চকর লড়াই দেখতে শুক্রবার ছুটির দিনে সিলেট জেলা স্টেডিয়ামে ভিড় জমান ক্রীড়াপ্রেমীরা।

বিভিন্ন প্রান্ত থেকে আসা খুদে মার্শাল আর্ট ক্রীড়াবিদদের অংশগ্রহণে শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেমের পরিচালক বদরুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম শহিদুল হক ভুঁইয়া, সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু, জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম, চাইনিজ উশু ফাইটার স্কুল সিলেটের সহসভাপতি আব্দুর রহমান রিপন ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলীমুল সাদাত চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদি বলেন, উশু কেবল একটি খেলা বা আত্মরক্ষার কৌশল নয়; এটি শরীর ও মনকে সুশৃঙ্খল রাখার একটি দুর্দান্ত মাধ্যম। তরুণ প্রজন্মকে স্মার্ট, দক্ষ ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, সরকার তৃণমূল পর্যায়ে ক্রীড়া উন্নয়নে কাজ করে যাচ্ছে। উশুর মতো সম্ভাবনাময় খেলার প্রসারে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক উশু কোচ ও চাইনিজ উশু ফাইটার স্কুল সিলেটের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শহিদুল আলম মনির, সদস্য ইকবাল হোসেইন এবং আন্তর্জাতিক উশু কোচ আরিফুর রহমান বিপ্লব।

জমজমাট এই উশু চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে চাইনিজ উশু ফাইটার স্কুল সিলেট। সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ উশু ফেডারেশন ও সিলেট জেলা ক্রীড়া সংস্থা। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক মানবকণ্ঠ।

আয়োজকরা জানান, দেশে উশু খেলার প্রসার এবং তৃণমূল পর্যায় থেকে দক্ষ ফাইটার তৈরি করাই এই চ্যাম্পিয়নশিপের মূল লক্ষ্য। দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে সান্দা (ফাইট) ও তাওলো (প্রদর্শন) ইভেন্টে প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।

চ্যাম্পিয়নশিপের সহযোগী প্রতিষ্ঠান ও পার্টনার হিসেবে রয়েছে আশিয়ান গ্রুপ, আশিয়ান সিটি, দৈনিক মানবকণ্ঠ, সিলেট জেলা ক্রীড়া সংস্থা, সিটি মডেল স্কুল এবং লায়নসিল গ্রুপ।
এনএ/এমআর