Image description

নতুন মৌসুমে বার্সেলোনার অধিনায়কত্বের কাঠামো চূড়ান্ত হয়েছে। সেখানে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। বয়সে তরুণ হলেও দলের নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন এই তরুণ তারকা।

মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নেতৃত্ব কাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক। মার্ক-আন্দ্রে টের স্টেগেন ও রোনাল্ড আরাউহোর বিদায়ের পর দলের নেতৃত্বে পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়।

শুরুতে রাফিনহা, পেদ্রি ও এরিক গার্সিয়াকে অস্থায়ী অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলেন ফ্লিক। পরে পূর্ণাঙ্গ স্কোয়াড দলের সঙ্গে যোগ দেওয়ার পর খেলোয়াড়দের অভ্যন্তরীণ ভোটে চূড়ান্ত অধিনায়ক নির্বাচন করা হয়।

নতুন কাঠামোয় প্রথম অধিনায়ক হিসেবে থাকছেন রাফিনহা এবং দ্বিতীয় অধিনায়ক পেদ্রি। বাকি তিনটি জায়গায় খেলোয়াড়দের ভোটে নির্বাচিত হয়েছেন এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিনে ইয়ামাল।

এরিক গার্সিয়ার নির্বাচন খুব একটা বিস্ময়কর নয়। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দলের প্রতি নিবেদনের কারণে সতীর্থদের কাছে তার যথেষ্ট সম্মান রয়েছে। কোচ ফ্লিকের আস্থাও ধীরে ধীরে বেড়েছে তার ওপর।

ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের অন্তর্ভুক্তিও বেশ স্বাভাবিক। আগের নেতৃত্ব কাঠামোতেও ছিলেন তিনি। টের স্টেগেনের বিদায়ের পর বয়স ও অভিজ্ঞতার বিচারে বর্তমান স্কোয়াডের অন্যতম সিনিয়র খেলোয়াড় ডি ইয়ং।

তবে ইয়ামালের অন্তর্ভুক্তির গল্পটা আলাদা। বয়স ও অভিজ্ঞতার চেয়ে মাঠে তার প্রভাবই সতীর্থদের ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাত্র ১৯ বছর বয়সেই বার্সেলোনার ১০ নম্বর জার্সিধারী এই তারকা দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন।

আক্রমণভাগে তার গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি মাঠের বাইরে ব্যক্তিত্বও তাকে সতীর্থদের মধ্যে আলাদা অবস্থান এনে দিয়েছে। ফলে এত কম বয়সেই অধিনায়কত্বের কাঠামোয় জায়গা পেয়েছেন তিনি।

নতুন মৌসুমে বার্সেলোনার নেতৃত্বে তাই অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি দেখা যাবে ক্লাবের ভবিষ্যতের অন্যতম বড় তারকা ইয়ামালকেও। ১৯ বছর বয়সে অধিনায়কত্বের কাঠামোয় তার অন্তর্ভুক্তি ক্লাবের কাছে তার বর্তমান গুরুত্ব ও প্রভাবেরই স্বীকৃতি।

এসএস