Image description

২০২৭ সালের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে স্বাগতিক নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সিরিজের তিনটি ম্যাচই কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে ২৬, ২৮ ও ৩০ মার্চ।

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে সিরিজটি উৎসর্গ করা হবে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাবে বিসিবি। দুই দেশের ক্রিকেটের মাধ্যমে কঠিন সময়ে বন্ধুত্ব, সহমর্মিতা ও সংহতির বার্তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়েছে। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠকে বাংলাদেশ দলকে নেপাল সফরের আমন্ত্রণ জানান দেশটির রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিসিবি কার্যালয়ে সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ দলের সফরের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

নেপালের ক্রিকেট উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে বিসিবি। পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে।

মার্চের এই সিরিজের মাধ্যমে দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও গভীর হবে এবং খেলোয়াড় ও সংশ্লিষ্টদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছে বিসিবি।

এসএস