Image description

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে তারা স্ব স্ব পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্র জমা দিয়ে সচিবালয় থেকে বের হওয়ার সময় কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী সাংবাদিকদের বলেন, "আমি পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছি। কোনো চাপের মুখে নয়, বরং নিয়মতান্ত্রিকভাবেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। শীঘ্রই নতুন পর্ষদ গঠিত হবে, তাদের জন্য আমাদের শুভকামনা রইল।"

উল্লেখ্য, ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। একই সময়ে কমিশনার হিসেবে নিয়োগ পান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাসের মাথায় পুরো পর্ষদের এই পদত্যাগ প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র জানায়, পদত্যাগপত্রগুলো গ্রহণ করে পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শীঘ্রই নতুন নিয়োগের মাধ্যমে কমিশনের শূন্যতা পূরণ করা হবে বলে আশা করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই