Image description

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে শ্রীলঙ্কার কলম্বোগামী ফিটস এয়ারের একটি ফ্লাইট প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বিত হয়। এ সময় বিমানের ভেতরে ১৮২ জন যাত্রীকে অপেক্ষা করতে হওয়ায় চরম ভোগান্তির সৃষ্টি হয়।

বিমানবন্দর সূত্র জানায়, গত ১১ জুলাই রাত ২টা ১৫ মিনিটে ফিটস এয়ারের (৮ডি–০৯১২) ফ্লাইটটির ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। তবে উড্ডয়নের ঠিক আগে প্রকৌশলীরা বিমানের হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি শনাক্ত করলে ফ্লাইটটি স্থগিত করা হয়। পরে ত্রুটি সমাধানের পর সকাল ৭টা ৫০ মিনিটে বিমানটি কলম্বোর উদ্দেশে ছেড়ে যায়।

একাধিক যাত্রীর অভিযোগ, রাত ২টা ৪৫ মিনিট থেকে সকাল পর্যন্ত তাদের বিমানের ভেতরেই বসিয়ে রাখা হয়। দীর্ঘ সময় খাবার ও পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা দুর্ভোগে পড়েন। কয়েকজন যাত্রী আরও অভিযোগ করেন, বিমান থেকে নামার অনুরোধ জানালে এয়ারলাইন্সের কিছু কর্মী তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ফিটস এয়ার। এয়ারলাইন্সটির প্রতিনিধি রানা বলেন, শুধু কারিগরি ত্রুটিই নয়, রানওয়ে সংস্কার, বৈরী আবহাওয়া এবং বিমানবন্দরের পরিচালনাগত সীমাবদ্ধতার কারণেও ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে। তিনি দাবি করেন, যাত্রীদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার করা হয়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, কারিগরি ত্রুটির কারণেই ফ্লাইটটি বিলম্বিত হয় এবং যাত্রীরা প্রায় পাঁচ ঘণ্টা বিমানের ভেতরে ছিলেন। তিনি বলেন, সকাল ৬টার দিকে যাত্রীদের জন্য হালকা নাশতার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়া এয়ারলাইন্সের বিরুদ্ধে এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি।