Image description

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে কমিশনের নতুন দুই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাকির হোসেন খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৫(১) ধারা অনুযায়ী বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান এবং আইনের ৮(১) ধারা অনুযায়ী ড. জাকির হোসেন খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

পদমর্যাদার বিষয়ে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমপর্যায়ের হবে। অন্যদিকে, দুই কমিশনার ড. জাকির হোসেন খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার বেতন-ভাতা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকদের সমপর্যায়ের নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২ জুলাই দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের লক্ষে যোগ্য প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। সংশ্লিষ্ট আইনের ৭ ধারা অনুযায়ী গঠিত বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এই নিয়োগ চূড়ান্ত করেন।

উল্লেখ্য, আইনি বিধান অনুযায়ী দুদক সর্বোচ্চ পাঁচজন কমিশনারের সমন্বয়ে গঠিত হয়, যাদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। কমিশনার হওয়ার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকার বাধ্যবাধকতা রয়েছে।

ডিআর