Image description

সামাজিক যোগাযোগমাধ্যমে হাইকমিশন, লন্ডনকে কেন্দ্র করে কিছু বিভ্রান্তিকর, অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। এতে মিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভুল ধারণা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

শুক্রবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন, লন্ডন-এর ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হাইকমিশন।

এতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনকে কেন্দ্র করে কিছু বিভ্রান্তিকর, অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে, যা মিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভুল ধারণা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই এ বিষয়ে প্রকৃত তথ্য তুলে ধরা এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে সঠিক ধারণা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন যে, বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের নিজস্ব ওয়েব পোর্টাল সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। মিশনের ওয়েব পোর্টালের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচারের কোনো যৌক্তিক ভিত্তি নেই। 

অন্যদিকে, ভিসা-সংক্রান্ত সার্ভার ও সংশ্লিষ্ট প্রযুক্তিগত ব্যবস্থাপনা কেন্দ্রীয়ভাবে বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয়। ফলে ভিসা-সংক্রান্ত সার্ভারের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত ব্যবস্থাপনার ওপর বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের সুযোগ নেই। এ কারণে সার্ভার-সংক্রান্ত কোনো প্রযুক্তিগত সমস্যা বা কার্যক্রমের জন্য মিশনকে দায়ী করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা সমীচীন নয়। 

আরও উল্লেখ্য যে, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা প্রদানের ক্ষেত্রে আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্যাদি যথাযথভাবে পূরণ করা হলে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন যত দ্রুত সম্ভব সেবা প্রদান নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করে থাকে।

উল্লেখ্য, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংরক্ষণ, কল্যাণ নিশ্চিতকরণ এবং তাঁদের প্রয়োজনীয় কনস্যুলার ও অন্যান্য সেবা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখা, তাঁদের ন্যায্য অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা প্রদান এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মিশন সর্বদা সচেষ্ট। এ লক্ষ্যে মিশন তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

এমতাবস্থায়, বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য, অভিযোগ বা সংশয় দেখা দিলে সংশ্লিষ্ট সকলকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ওপর নির্ভর না করে মিশনের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রকৃত তথ্য যাচাই করার এবং প্রয়োজনে সরাসরি হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। পারস্পরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এ ধরনের বিভ্রান্তি নিরসন এবং বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের কার্যক্রম সম্পর্কে সঠিক ধারণা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’

এমআর