গ্যাস সংকটের কারণে রাজধানীতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালকরা। দিনের বড় একটি সময় ফিলিং স্টেশনে গ্যাসের জন্য অপেক্ষা করেই কেটে যাচ্ছে। কোথাও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে সামান্য গ্যাস, আবার কোনো কোনো স্টেশনে গ্যাস না থাকায় খালি গাড়ি নিয়ে ফিরতে হচ্ছে চালকদের।
এতে একদিকে কমেছে যাত্রী পরিবহন, অন্যদিকে জ্বালানি সংগ্রহে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ফলে অনেক চালক নির্ধারিত জমার টাকা তুলতে পারছেন না। আয় কমে যাওয়ায় সংসার চালাতেও হিমশিম খাচ্ছেন তারা।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশন ঘুরে চালক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
মিরপুর-১২ নম্বরের ইনট্রাকো ফিলিং স্টেশনে গ্যাসের জন্য অপেক্ষমাণ সিএনজি চালক আলমগীর বলেন, ‘গতকাল শুধু ৬০ টাকার গ্যাস পাইছি। ওই গ্যাস দিয়া এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২০০ টাকা। মালিকই খাবে কী, আর আমিই খামু কী।’
আরেক চালক রাজু মিয়া বলেন, আধা ঘণ্টার মতো অপেক্ষা করে ৪০-৫০ টাকার গ্যাস পেয়েছেন। এভাবে চলতে থাকলে মালিকের জমা ও সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়বে।
উত্তরার আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেতসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, গ্যাস না থাকায় অনেক ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। কিছু স্টেশন চালু থাকলেও গ্যাসের চাপ কম থাকায় স্বাভাবিকভাবে সরবরাহ করা যাচ্ছে না। ফলে সিএনজি, ট্রাকসহ গ্যাসচালিত যানবাহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
আব্দুল্লাহপুরের একটি ফিলিং স্টেশনের অপারেটর মনির বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস না পেয়ে অনেক চালক ফিরে যাচ্ছেন। ফলে তাদের স্টেশনও বন্ধ রাখতে হচ্ছে।
ডেমরার বিভিন্ন ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে। কোনো কোনো স্টেশনে চারটি হোসের মধ্যে মাত্র একটি সচল রেখে গ্যাস সরবরাহ করা হচ্ছে। কোথাও আবার স্বল্পচাপের কারণে একটি পাইপ দিয়েই সীমিত পরিসরে গ্যাস দেওয়া হচ্ছে।
মহাখালী, তেজগাঁও, কাওরান বাজার, সাতরাস্তা, মালিবাগ, মুগদা, মতিঝিল, মানিকনগর, খিলগাঁও, সবুজবাগ ও বনশ্রী এলাকাতেও গ্যাসের সংকট দেখা গেছে। এসব এলাকার অনেক স্টেশনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সিএনজি ও ব্যক্তিগত গাড়িকে।
মহাখালীর একটি সিএনজি স্টেশনের ব্যবস্থাপক শহীদুল বলেন, গ্যাসের চাপ এতটাই কম যে কিছুক্ষণ সরবরাহের পর স্বয়ংক্রিয়ভাবে গ্যাস দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষার পর আবার সরবরাহ শুরু হচ্ছে।
তিতাস গ্যাসের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম থাকায় এ সংকট তৈরি হয়েছে।
গ্যাস সংকটের কারণে শুধু চালকরাই নয়, ভোগান্তিতে পড়ছেন ব্যক্তিগত গাড়ির মালিকরাও। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে প্রয়োজনীয় পরিমাণ গ্যাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনকেন্দ্রিক দীর্ঘ যানজটও তৈরি হচ্ছে।
Comments