Image description

দেশের বিভিন্ন এলাকায় সার সংকট ও সরবরাহ নিয়ে ক্ষোভে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং সার লুটের ঘটনা ঘটেছে। কুড়িগ্রামের রৌমারীতে ডিলারের গুদাম থেকে প্রায় দেড় শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রাজশাহীর পুঠিয়া ও লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেন ক্ষুব্ধ কৃষকরা। অন্যদিকে, মাগুরায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রৌমারীতে গুদাম ভেঙে সার নিয়ে যাওয়ার অভিযোগ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ডিলার পয়েন্ট থেকে প্রায় দেড় শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে স্থানীয় প্রশাসন ঘটনাটিকে লুট হিসেবে স্বীকার করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি সদস্যরা এলাকায় টহল দিচ্ছেন।

স্থানীয়দের ভাষ্য, উপজেলার বন্দরের ইউনিয়নের মহিলা কলেজ মোড়ের মিতা হাসান ট্রেডার্সের গুদামের সামনে রোববার মধ্যরাত থেকে সারের জন্য লাইনে দাঁড়ান কৃষকরা। সকালে ডিলার মতিউর রহমান জানান, পুলিশ এনে সার বিতরণ করা হবে। কিন্তু প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পরও সার না পেয়ে কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে তারা গুদামের সাটার ও টিনের বেড়া ভেঙে আনুমানিক ১৫০ বস্তা সার নিয়ে যান বলে অভিযোগ করেছেন ডিলার মতিউর রহমান।

পুঠিয়ায় মহাসড়ক অবরোধ

রাজশাহীর পুঠিয়ায় পর্যাপ্ত সার সরবরাহ ও খুচরা বাজারে সার সিন্ডিকেট বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন কৃষকরা। সকালে বানেশ্বর বাজার এলাকায় বিক্ষোভের পর তারা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কৃষকদের অভিযোগ, আমন মৌসুমে জমিতে সার দেওয়ার উপযুক্ত সময় চলছে। কিন্তু ডিলারদের কাছে চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। কৃত্রিম সংকট তৈরি করে খোলা বাজারে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

কৃষক রফিকুল ইসলাম বলেন, ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়েও সার পাননি। তার অভিযোগ, সিন্ডিকেটের কারণে কৃষকদের অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে।

লালমনিরহাটে এক ঘণ্টা সড়ক অবরোধ

সার সিন্ডিকেট বন্ধ ও পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ফকিরের তকিয়া এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

কৃষকদের অভিযোগ, আমন মৌসুমে সময়মতো জমিতে সার দিতে পারছেন না তারা। প্রতিদিন পর্যাপ্ত সার সরবরাহ ও সিন্ডিকেট বন্ধের দাবিতে তারা এই কর্মসূচিতে নামেন। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা।

ভূরুঙ্গামারীতে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খোলা বাজারে সার বিক্রির দাবিতে সড়ক অবরোধের পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে অবরুদ্ধ করেন ক্ষুব্ধ কৃষকরা।

সোনাহাট ইউনিয়নের বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের দোকানে সার বিতরণ শুরু হলে কৃষকরা সেখানে জড়ো হন। সার না পাওয়ার আশঙ্কায় তারা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই সময় কৃষকদের মধ্যে ৩৩৫ বস্তা ডিএপি, ৯৫ বস্তা টিএসপি ও ১৫৭ বস্তা এমওপি সার বিতরণ করা হয়।

মাগুরায় দুই ব্যবসায়ী গ্রেফতার

মাগুরার শ্রীপুরে অবৈধভাবে সার মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন শহিদ জোয়ার্দার ও নবাব জোয়ার্দার।

সোমবার ভোরে উপজেলার কোদলা ও লাঙ্গলবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে শনিবার রাতে তাদের বাড়ি ও গুদামে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ীতে ফেসবুক পোস্টের পর প্রশাসনের তৎপরতা

শেরপুরের নালিতাবাড়ীতে সার সংকট নিয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়ার একটি ফেসবুক পোস্টের পর প্রশাসন ও কৃষি বিভাগ তৎপর হয়েছে।

পোস্টে তিনি কৃষকদের সময়মতো সার না পাওয়ার অভিযোগ তুলে স্থানীয় পরিস্থিতি জানতে চান। এরপর পোস্টটির নিচে অনেকে সার সংকটের কথা জানান।

গোলাম কিবরিয়ার দাবি, নালিতাবাড়ীর বিভিন্ন এলাকায় কৃষকরা সার না পেয়ে ফিরে যাচ্ছেন। তবে স্থানীয় সার ডিলার ফিরোজ মিয়া অভিযোগ অস্বীকার করে দাবি করেন, জামায়াতের লোকজন গুজব ছড়াচ্ছে।

এসএস