মৌলবাদের আস্ফালন মোকাবিলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড সক্রিয় করার ওপর গুরুত্ব দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
তিনি বলেন, গত ১৭ বছরে সংস্কৃতিকে ভয়াবহভাবে রাজনীতিকরণের চেষ্টা করা হয়েছে। সংস্কৃতির নিজস্বতা ও ঐতিহ্য ফিরিয়ে এনে সাংস্কৃতিক অঙ্গন পুনর্গঠন করতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাজবাড়ী অ্যাকাডেমি আয়োজিত ১০ম বাংলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, চারদিকে মৌলবাদের আস্ফালন দেখা যাচ্ছে। এটি মোকাবিলা করতে হলে সাংস্কৃতিক মাধ্যমকে কাজে লাগাতে হবে। সংস্কৃতির বিভিন্ন অঙ্গকে সক্রিয় করা প্রয়োজন। সংস্কৃতি মানে শুধু গান-বাজনা নয়; এর সঙ্গে মানুষের জীবনযাপন, আচার-আচরণ ও রীতিনীতিও জড়িত।
রাজবাড়ীর সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, জেলায় সংস্কৃতির ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘ ২০ বছর পর নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। গ্রামে ঘুড়ি ওড়ানো, ঘোড়দৌড়, লাঠিখেলা ও পিঠা উৎসবের মতো ঐতিহ্যবাহী আয়োজন মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু যাত্রাপালা ও গীতের মতো সাংস্কৃতিক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এগুলো ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, রাজবাড়ীর সংগীতাঙ্গনে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। অনেকেই ভালো কাজ করছেন, তাঁদের আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়া প্রয়োজন। জেলায় গুণী নৃত্যশিল্পীদের মতো মূল্যবান সাংস্কৃতিক সম্পদ রয়েছে। সবাইকে সম্মিলিতভাবে জেলার সাংস্কৃতিক অঙ্গন পুনর্গঠন করে গতিশীল করতে হবে।
রাজবাড়ী অ্যাকাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনাইটেড হসপিটালের কার্ডিওলজি বিভাগের প্রধান পরামর্শক ডা. এন এ এম মোমিনুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিম শফি এবং ক্রীড়াবিদ ও ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল।
স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী অ্যাকাডেমির সাধারণ সম্পাদক ও ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. ইকবাল হোসেন।
এর আগে ১০ম বাংলা উৎসব উপলক্ষে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বর্ণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পান্না চত্বর এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উৎসবের স্মারকগ্রন্থ ‘বর্ণমালা’র মোড়ক উন্মোচন করা হয়।
এনএ




Comments