অস্ত্র হাতে বিতর্কিত মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টির পর অবশেষে সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ইশরাক নিজেই এ কথা নিশ্চিত করেন।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে প্রতিমন্ত্রী হিসেবে নিজের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি সমালোচকদের কড়া সমালোচনা ও আক্ষেপ ব্যক্ত করেন ইশরাক। তিনি লেখেন—
“আজ দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।
ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।”
‘মন্ত্রী নয়, মাদক নির্মূল!’
পদ হারিয়ে সরকার থেকে ছিটকে গেলেও রাজপথের আন্দোলন এবং সামাজিক কাজের প্রতি তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। সংসদ সদস্য বা প্রতিমন্ত্রীর তকমা ছাড়াই একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে তিনি আরও লেখেন—
“এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”
ডিআর




Comments