ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। সকাল ৮টা থেকে ভোটদান শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণের জন্য আসনটির ১৮৫টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, আনসারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রায় ৫ হাজার ৩০০ জন দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের ২৫ জন নিজস্ব পর্যবেক্ষক, চারজন বিদেশি পর্যবেক্ষক এবং দেশি ও স্থানীয় ১৭৭ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন।
ঠাকুরগাঁও সদর, ভূল্লী ও রুহিয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা ১ হাজার ১৮৪ জন বেশি।
উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের তুলনায় কয়েক গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এ কারণে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।




Comments