সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে জরুরি নির্দেশনা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সোমবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।
সরকারের পক্ষ থেকে প্রবাসীদের সৌদি আরবের আইন, সংস্কৃতি ও সামাজিক রীতি মেনে চলার পাশাপাশি বৈধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। ভিসা ও নিয়োগচুক্তি যাচাই, ইকামা, বেতন, চাকরি পরিবর্তন, অর্থ লেনদেন, অনলাইন ব্যবহার, সড়ক নিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে সতর্ক করা হয়েছে।
ভিসা ও চাকরিসংক্রান্ত নির্দেশনা
প্রবাসীদের ভিসা, নিয়োগকর্তা ও নিয়োগচুক্তি ভালোভাবে যাচাই করে সৌদি যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিএমইটি ছাড়পত্র, প্রশিক্ষণ ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে। গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজের কাছে রাখতে এবং দালালের মৌখিক আশ্বাসে টাকা না দিতে বলা হয়েছে। ভিজিট ভিসায় কাজ না করার পাশাপাশি অনুমতি ছাড়া অন্য নিয়োগকর্তার অধীনে কাজ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
ইকামা ও কাগজপত্র
ইকামা সঙ্গে রাখা এবং Absher-এ এর মেয়াদ নিয়মিত যাচাই করতে বলা হয়েছে। QIWA প্ল্যাটফর্মে নিয়োগচুক্তি ও ওয়ার্ক পারমিট যাচাই করতে হবে। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে নবায়ন বা রিইস্যুর উদ্যোগ নিতে বলা হয়েছে।
না বুঝে কোনো কাগজে স্বাক্ষর বা টিপসই না দেওয়া এবং OTP ও পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
বেতন ও কর্মক্ষেত্র
নিয়োগচুক্তির কপি ও কাজসংক্রান্ত প্রমাণ সংরক্ষণ করতে বলা হয়েছে। ব্যাংকিং চ্যানেলে বেতন নেওয়া এবং ব্যাংক স্টেটমেন্ট সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
কোনো সমস্যা হলে মকতব আমল (১৯৯১১) অথবা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। নিয়োগকর্তার সঙ্গে বিরোধ হলে কর্মস্থল থেকে পালিয়ে না গিয়ে আইনগতভাবে সমাধানের উদ্যোগ নিতে বলা হয়েছে।
চাকরি পরিবর্তন ও দেশে ফেরা
চাকরি পরিবর্তনের ক্ষেত্রে QIWA প্ল্যাটফর্ম ব্যবহার করে বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। দেশে ফেরার আগে জরিমানা ও ট্রাভেল ব্যান আছে কি না যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। Final Exit ভিসার নির্ধারিত মেয়াদ অতিক্রম না করার পাশাপাশি অনুমোদন পাওয়ার আগে নতুন কাজে যোগ না দিতে বলা হয়েছে।
এ ছাড়া অন্যের টাকা, সোনা বা মোবাইলের বিনিময়ে বহন না করা এবং বড় অঙ্কের নগদ অর্থ বা সোনা বহনের ক্ষেত্রে কাস্টমসের নিয়ম মেনে চলতে বলা হয়েছে।
জনসমক্ষে আচরণ
সৌদি আরবের আইন ও সামাজিক রীতি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জনসমক্ষে শালীন পোশাক ও ভদ্র আচরণ, লাইনে দাঁড়ানো এবং বয়স্কদের সম্মান করার পরামর্শ দেওয়া হয়েছে।
রাস্তায় ময়লা, থুতু বা পানের পিক ফেলা, প্রকাশ্যে ঝগড়া, গালাগালি ও মারামারি থেকে বিরত থাকতে বলা হয়েছে। জাতি, দেশ বা গায়ের রং নিয়ে কাউকে কটূক্তি না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
নারী ও শিশুদের ক্ষেত্রে যথাযথ দূরত্ব ও শালীনতা বজায় রাখতে এবং অনুমতি ছাড়া ছবি, ভিডিও বা স্পর্শ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ধর্ম, সংস্কৃতি ও সামাজিক আচরণ
রমজানে দিনের বেলায় প্রকাশ্যে খাওয়া ও ধূমপান থেকে বিরত থাকা, মসজিদে মোবাইল ফোন নীরব রাখা এবং ধর্ম, রাজপরিবার বা সরকার নিয়ে মন্তব্য বা পোস্ট না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মিছিল, সমাবেশ ও ধর্মঘটে অংশ না নেওয়ার পাশাপাশি তাবিজ-কবচ, তন্ত্র-মন্ত্র বা কবিরাজি কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ছবি, ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যম
কোনো খবর শেয়ার করার আগে তা যাচাই করতে বলা হয়েছে। শক্তিশালী পাসওয়ার্ড ও দুই ধাপের নিরাপত্তা ব্যবহার এবং শুধু অফিসিয়াল অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
অনুমতি ছাড়া নারী, শিশু বা পরিবারের সদস্যদের ছবি তোলা থেকে বিরত থাকতে বলা হয়েছে। গুজব, অশ্লীল ভিডিও বা মিম ফরোয়ার্ড না করার পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলা, আঘাতস্থল বা নিরাপত্তা-সংবেদনশীল স্থানের ছবি ও ভিডিও ধারণ, সংরক্ষণ বা শেয়ার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সড়ক নিরাপত্তা
বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বিমা নিশ্চিত করে গাড়ি চালাতে বলা হয়েছে। সিটবেল্ট ব্যবহার, গতিসীমা ও ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থল ছেড়ে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতি
দুর্ঘটনা ঘটলে জরুরি সহায়তার জন্য ৯১১ বা ৯৯৯ এবং অ্যাম্বুলেন্সের জন্য ৯৯৭ নম্বরে ফোন করতে বলা হয়েছে। আহত ব্যক্তির প্রাণঝুঁকি না থাকলে তাকে অপ্রয়োজনে না সরানো এবং দুর্ঘটনাস্থলে ভিড় বা ছবি-ভিডিও না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সাক্ষী হলে শুধু নিজের দেখা ঘটনা সত্যভাবে জানাতে এবং আহত বা মৃত ব্যক্তির মোবাইল ও অর্থে হাত না দিতে বলা হয়েছে।
অর্থ লেনদেন ও সঞ্চয়
শুধু ব্যাংক ও অনুমোদিত এক্সচেঞ্জের মাধ্যমে দেশে টাকা পাঠাতে বলা হয়েছে। হুন্ডিতে টাকা না পাঠানো, নিজের সিম, কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট অন্যকে ব্যবহার করতে না দেওয়া এবং অন্যের ঋণের জামিনদার না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ক্যাম্প ও কমিউনিটি জীবন
কমিউনিটির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানানো হয়েছে। অনুমতি ছাড়া চাঁদা বা অর্থ সংগ্রহ না করা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং অন্যের চলাচলে বাধা সৃষ্টি করে গাড়ি পার্ক না করার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যাচেলর ক্যাম্প বা বাসায় নারী অতিথি না আনা, আতশবাজি না ফোটানো, গাছ না কাটা এবং শিকার থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ওষুধ ও মাদক
সৌদি আরবে ওষুধ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া এবং প্রেসক্রিপশন ও মূল প্যাকেট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যের দেওয়া প্যাকেট, ব্যাগ বা ওষুধ বহন না করতে বলা হয়েছে।
মদ, জুয়া ও মাদক থেকে দূরে থাকার পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়া বা অতিরিক্ত পরিমাণে ওষুধ বহন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও কর্মস্থলের নিরাপত্তা
গরমের সময় পর্যাপ্ত পানি পান ও ছায়ায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে হেলমেট, সেফটি বেল্টসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরাসরি রোদে কাজ না করার নির্দেশনা রয়েছে। এ ছাড়া বন্ধ ঘরে চুলা জ্বালিয়ে না ঘুমানো এবং বৈদ্যুতিক লাইনে অতিরিক্ত লোড না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
হজ-উমরাহ ও পারিবারিক বিষয়
নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি নিয়ে হজ, উমরাহ ও জিয়ারাহ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিয়ে আইনসম্মতভাবে নিবন্ধন এবং সন্তানের জন্মনিবন্ধন করার নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া হজ বা হাজি বহন এবং গোপন বা নিবন্ধনহীন বিয়ে থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বিপদে যোগাযোগ
জরুরি পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিতে বলা হয়েছে। কোনো আরবি কাগজ না বুঝে স্বাক্ষর না করা, পুলিশের সঙ্গে তর্কে না জড়ানো এবং সমস্যা সমাধানের নামে দালালকে টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি নম্বর
জরুরি সেবা: ৯১১ ও ৯৯৯
অ্যাম্বুলেন্স: ৯৯৭
অগ্নিনির্বাপণ: ৯৯৮
ট্রাফিক: ৯৯৩
শ্রম অভিযোগ: ১৯৯১১
দূতাবাসের শ্রমকল্যাণ: ৮০০১০০০১২৫
কনস্যুলার সেবা: ৮০০১০০০১২৬
প্রবাসবন্ধু কল সেন্টার: ১৬১৩৫
বিজ্ঞপ্তিতে সৌদি প্রবাসীদের বৈধভাবে অবস্থান, দেশটির আইন মেনে চলা এবং অর্থনৈতিক লেনদেনের প্রমাণ সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিপদে একা সিদ্ধান্ত না নিয়ে বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।




Comments