দীর্ঘদিন ধরে একমাত্র সন্তানকে ঘিরেই জীবন কাটাচ্ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের পর এবার জানালেন, তাঁর জীবনে নতুন একজন মানুষ এসেছেন। প্রায় সাড়ে পাঁচ বছরের সম্পর্কের পর দেড় বছর আগেই বিয়ে করেছেন তিনি।
সোহানা সাবার স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তবে বিয়ের দিন-তারিখ প্রকাশ করতে চাননি অভিনেত্রী।
গণমাধ্যমকে সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল সাড়ে পাঁচ বছরের। দীর্ঘ সম্পর্কের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
সম্পর্কের শুরু ও বিয়ের সিদ্ধান্তের বিষয়ে সোহানা সাবা বলেন, তাঁদের প্রথম দেখাতেই তাঁর মনে হয়েছিল, এই মানুষটির জন্যই যেন তিনি অপেক্ষা করছিলেন। তবে শুরুতে বিষয়টি কাউকে বুঝতে দেননি। পরে ফয়সাল যোগাযোগ করে ভালোবাসার কথা জানালে তিনি সম্পর্কে জড়াতে সম্মতি দেন।
এর আগে নির্মাতা ও অভিনেতা মুরাদ পারভেজের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন সোহানা সাবা। প্রায় এক দশকের সেই সংসারে তাঁদের একটি সন্তান রয়েছে। ২০১৫ সালে তাঁদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।
বিচ্ছেদের পর একমাত্র সন্তানকে নিয়ে নিজের মতো করে জীবন এগিয়ে নেন সোহানা সাবা। সময়ের সঙ্গে নিজেকে সামলে নিয়ে নতুন করে জীবন গুছিয়েছেন তিনি।
টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করা সোহানা সাবা পরে বড় পর্দায় পা রাখেন। কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু হয়। তবে মুক্তির দিক থেকে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ এগিয়ে ছিল। ‘খেলাঘর’ মুক্তির পরের মাসে মুক্তি পায় ‘আয়না’।
এরপর ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেন তিনি। ভারতীয় ‘ষড়্রিপু’ ও ‘এপার–ওপার’ সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। সর্বশেষ আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমায় দেখা গেছে তাঁকে।
এসএস




Comments