Image description

বিশ্বব্যাংকের নতুন তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বের কয়েকটি ধনী দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ মানুষের আয় ভারতের সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের আয়ের চেয়েও বেশি। বিশ্বব্যাংকের ২০২৬ সালের ‘পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি প্ল্যাটফর্ম’-এর তথ্যে এই চিত্র উঠে এসেছে।

এনডিটিভি প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতে সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ মানুষের দৈনিক মাথাপিছু আয় বা ভোগব্যয়ের সীমা প্রায় ৩ মার্কিন ডলার। বিপরীতে, যুক্তরাষ্ট্রে এ পরিমাণ ২৫ ডলার, কানাডায় ৩১ ডলার এবং জার্মানি ও অস্ট্রেলিয়ায় ২৮ ডলার।

অন্যদিকে, ভারতে সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের দৈনিক মাথাপিছু আয় বা ভোগব্যয়ের সীমা প্রায় ১০ ডলার। অথচ যুক্তরাষ্ট্রে এই পরিমাণ ১৭৩ ডলার, কানাডা ও অস্ট্রেলিয়ায় ১২৯ ডলার এবং জার্মানিতে ১২৮ ডলার। ভারতের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশটিতে মাসে ৮০ হাজার রুপি আয় করা ব্যক্তিরা শীর্ষ ১০ শতাংশের মধ্যে পড়েন। এর ফলে ভারতের সবচেয়ে ধনী পরিবারগুলোর জীবনযাত্রার মানও কয়েকটি উন্নত অর্থনীতির দেশের সবচেয়ে কম আয়ের মানুষের তুলনায় অনেক নিচে অবস্থান করছে।

বিশেষজ্ঞদের মতে, এই সমস্যা কেবল দারিদ্র্যের নয়, বরং দেশের অর্থনীতির প্রায় সব স্তরেই মানুষের আয় কম থাকার ইঙ্গিত দেয়। তাই কেবল ধনী ও দরিদ্রের ব্যবধান কমালে চলবে না, বরং দীর্ঘমেয়াদি সমৃদ্ধি অর্জনের জন্য দেশের সব স্তরের মানুষের আয় ও উৎপাদনশীলতা বাড়ানোর দিকে নজর দিতে হবে। এ জন্য নতুন ব্যবসা শুরু করার প্রক্রিয়া সহজ করা, করব্যবস্থা পূর্বানুমানযোগ্য রাখা এবং অপ্রয়োজনীয় নিয়মকানুন কমানোর মতো কাঠামোগত সংস্কার প্রয়োজন বলে মত প্রকাশ করা হয়েছে।

ডিআর