Image description

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে পূর্বে কটাক্ষ ও সমালোচনার জন্য অবশেষে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতা অভিজিৎ দীপকে। দিল্লির একটি কনসার্টে দিলজিৎ সরাসরি এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা প্রার্থনা করে একটি পোস্ট দেন এই রাজনৈতিক নেতা।

শনিবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক জমজমাট কনসার্টে পারফর্ম করছিলেন দিলজিৎ দোসাঞ্জ। সে সময় মঞ্চ থেকেই সাম্প্রতিক নানা বিতর্ক ও তাঁকে নিয়ে করা কটাক্ষের কড়া জবাব দেন তিনি। যদিও তিনি সরাসরি রাজনীতিবিদ অভিজিৎ দীপকে বা তাঁর দলের নাম উচ্চারণ করেননি, তবে তাঁর ক্ষোভ ছিল স্পষ্ট।

কনসার্টে দিলজিৎ বলেন, “আমি একজন সাধারণ শিল্পী। আমি চুপ আছি, তাই দয়া করে আমাকে চুপ থাকতে দিন। আমি আপনাদের সবাইকে সম্মান ও সমর্থন করি। তবে পাঞ্জাবিরা কীভাবে লড়াই করতে জানে, তা আমাদের শিখাতে আসবেন না।” এ সময় তাঁর অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘সতলুজ’ নিয়ে মঞ্চে উপহাস করার প্রসঙ্গও টেনে আনেন তিনি। মানবাধিকারকর্মী জসওয়ান্ত সিং খালরার জীবনভিত্তিক এই সিনেমাটি মুক্তির জন্য তাঁকে দীর্ঘ আইনি ও মানসিক লড়াই করতে হয়েছিল বলে জানান এই তারকা।

দিলজিতের এই প্রতিবাদের পরদিনই নমনীয় হয়ে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে। দিলজিৎকে ‘পাজি’ (বড় ভাই) সম্বোধন করে তিনি লেখেন, গত জুনে শিক্ষার্থীদের আন্দোলনের সময় দিলজিতের একটি মন্তব্য তাঁকে বেশ কষ্ট দিয়েছিল। তবে ব্যক্তিগতভাবে দিলজিতের প্রতি তাঁর মনে কোনো অসৎ বা বিরূপ মনোভাব ছিল না।

অভিজিৎ আরও স্বীকার করেন, দিলজিৎ সবসময় বিভিন্ন সামাজিক ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন—এমন একজন মানুষ হিসেবেই তিনি তাঁকে শ্রদ্ধা করেন। দিলজিতের গান তিনি নিয়মিত শোনেন এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য তিনি দিলজিতের সাহসিকতার প্রশংসাও করেন। পোস্টের শেষাংশে তিনি ভুল স্বীকার করে লেখেন, “ছোট ভাই মনে করে বিষয়টি ক্ষমা করে দিন।”

চলতি বছরের জুনে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ এবং জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা (নিট)-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ ঘিরে এই বিতর্কের সূত্রপাত হয়েছিল। সে সময় এক ইনস্টাগ্রাম লাইভে ভক্তরা দিলজিতের কাছে জানতে চেয়েছিলেন, তিনি শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি জানিয়ে যোগ দেবেন কি না।

উত্তরে দিলজিৎ বলেছিলেন, “এসবের মধ্যে আমাকে জড়াবেন না। ভাই, আমি একজন শিল্পী, কোনো রাজনীতিবিদ নই।” পাশাপাশি তিনি গুরু গ্রন্থ সাহিবের একটি বাণীও উদ্ধৃত করেছিলেন। তাঁর ওই নিরপেক্ষ অবস্থান নেওয়ার পরেই কড়া সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষ করে ২০২০ সালের কৃষক আন্দোলনে দিলজিতের সোচ্চার ভূমিকার কথা স্মরণ করে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। মানবাধিকারকর্মী জসওয়ান্ত সিং খালরাকে নিয়ে নির্মিত ‘সতলুজ’ সিনেমায় অভিনয়ের পর শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি না জড়ানোর বিষয়টি তুলে ধরে তখন তীব্র সমালোচনা করেছিলেন অভিজিৎ দীপকে।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ তিন বছর অপেক্ষার পর মুক্তি পাওয়া সিনেমাটি জি-ফাইভে প্রচারের মাত্র দুই দিনের মধ্যেই সরিয়ে নেওয়া হয়েছিল। ভারতের জাতীয় নিরাপত্তা ও বৈরী শক্তির অপব্যবহারের আশঙ্কার কথা উল্লেখ করে সরকারের পক্ষ থেকেই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে নামিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

ডিআর