আশুলিয়ায় দোকানের সামনে থেকে শক্তিশালী ‘প্রেশার কুকার’ বোমা উদ্ধার
সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানের সামনে ফেলে রাখা ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দল দীর্ঘ প্রচেষ্টার পর সেটি নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মধ্যরাতের দিকে আশুলিয়ার চারাবাগ এলাকার ‘জয়ী জেনারেল স্টোর’ নামের একটি দোকানে মাস্ক পরা এক অজ্ঞাত ব্যক্তি আসেন। তিনি দোকান থেকে একটি কোমল পানীয় কিনে দোকানিকে ২০০ টাকার নোট দেন। খুচরা টাকা না থাকায় দোকানি টাকা ভাঙাতে পাশের দোকানে গেলে সেই সুযোগে ওই ব্যক্তি তার সাথে থাকা একটি ট্রাভেল ব্যাগ দোকানের ভেতরে রেখে দ্রুত সটকে পড়েন।
দীর্ঘ সময় পার হলেও ওই ব্যক্তি ব্যাগ নিতে ফিরে না আসায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং প্রেশার কুকারের ভেতরে বোমার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়।
পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে বিশেষজ্ঞ দলটি শুক্রবার ভোরে ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ৬টা ২২ মিনিটের দিকে তারা প্রেশার কুকারটি পাশের একটি খোলা মাঠে নিয়ে যায়। সেখানে মাটির নিচে গর্ত করে বিশেষ প্রক্রিয়ায় বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিশ্চিত করেছেন যে বোমাটি বেশ শক্তিশালী ছিল। এ ঘটনায় শুক্রবার আশুলিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার রাতে রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি ছাতার মধ্যে অবিস্ফোরিত বোমা পাওয়া গিয়েছিল, যা পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে।
মানবকণ্ঠ/ডিআর




Comments