রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে প্রয়োজনীয় চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয়ের চিঠিতে জানানো হয়, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার দিন থেকেই আসনটি শূন্য হয়েছে।
আসনটি শূন্য হওয়ার বিষয়টি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উপনির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আসনটি শূন্য ঘোষণার পর আইন ও বিধি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে থাকলেও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনে দীর্ঘ সময় নেওয়া হবে না।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং দ্রুত নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।
এসএ




Comments