Image description

আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং জামায়াতে ইসলামী দেশে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী অতীতেও একসঙ্গে হাত মিলিয়েছিল। ১৯৮৬ ও ১৯৯৬ সালের নির্বাচনে তারা যৌথভাবে এরশাদ সরকারের ক্ষমতাকে পাকাপোক্ত করা এবং দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছিল বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, তৎকালীন সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ সেই চক্রান্ত নস্যাৎ করেছিল। তাঁর অভিযোগ, অতীতে এই দুই দল দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এখনো একই ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

রাশেদ খান আশাবাদ প্রকাশ করে বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতায় বর্তমান বিএনপি সরকার সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও বৈরী চাপ মোকাবিলা করতে সক্ষম হবে।

এর আগে দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশেদ খাঁন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএ