জ্বালানি সংকটের অভিঘাতে সরবরাহ ব্যবস্থার ভেঙে পড়া চিত্র এখন বাংলাদেশের অর্থনীতির জন্য এক গভীর সতর্কসংকেত। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়ছে দেশের শিল্প, বাণিজ্য ও দৈনন্দিন জীবনযাত্রায়। ট্রাকের চাকা থেমে যাওয়া মানে শুধু পণ্য পরিবহন বন্ধ হওয়া নয়; এর সঙ্গে থমকে যাচ্ছে উৎপাদন, বিক্রি এবং পুরো অর্থনৈতিক প্রবাহ।
বর্তমান পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, এটি কোনো একক খাতের সংকট নয়। বৃহৎ শিল্পগোষ্ঠী থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, সবাই একই সমস্যায় জর্জরিত। জ্বালানির অভাব, পরিবহন ব্যয়ের ঊর্ধ্বগতি এবং কাঁচামালের দামের বৃদ্ধি মিলিয়ে উৎপাদন খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কিন্তু চাহিদা কমে যাওয়ায় সেই খরচ ভোক্তার ওপর চাপানো যাচ্ছে না। ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এক ধরনের ‘ডাবল চাপ’-এর মধ্যে পড়েছে, খরচ বাড়ছে, আয় কমছে। সরকারের জন্য এই পরিস্থিতি অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্যের। একদিকে জ্বালানির আন্তর্জাতিক মূল্যবৃদ্ধির বাস্তবতা, অন্যদিকে দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা। জ্বালানির দাম সমন্বয় করে সরকার কিছুটা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য আনলেও এর প্রভাব সরাসরি মূল্যস্ফীতিতে পড়বে, এটি অনিবার্য। পরিবহন ব্যয় বাড়লে খাদ্যপণ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বাড়বে, যা নিন্ম ও মধ্যবিত্তের জীবনকে আরও কঠিন করে তুলবে।
এই সংকট থেকে উত্তরণের জন্য তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি, দুই ধরনের উদ্যোগই প্রয়োজন। স্বল্পমেয়াদে জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে বিকল্প উৎস অনুসন্ধান, অগ্রাধিকারভিত্তিতে শিল্প ও পরিবহন খাতে জ্বালানি বণ্টন এবং ব্যবসায়ীদের জন্য বিশেষ সহায়তা (যেমন ফুয়েল পাস) চালু করা যেতে পারে। একই সঙ্গে বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিকস সমন্বয় জোরদার করে সরবরাহ চেইনের চাপ কিছুটা লাঘব করা সম্ভব। দীর্ঘমেয়াদে এই সংকট একটি বড় শিক্ষা দেয়, জ্বালানির ওপর অতি নির্ভরশীলতা অর্থনীতিকে কতটা ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, রেল ও নৌপথের মতো বিকল্প পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির দিকে জোর না দিলে ভবিষ্যতে একই ধরনের সংকট আরও ভয়াবহ আকার নিতে পারে।
বর্তমান পরিস্থিতি কেবল একটি সাময়িক সংকট নয়; এটি অর্থনীতির ভঙ্গুরতার একটি স্পষ্ট ইঙ্গিত। এখনই যদি কার্যকর ও সাহসী পদক্ষেপ নেয়া যায়, তবে এই সংকট থেকে শিক্ষা নিয়ে একটি আরও সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব। অন্যথায়, থেমে থাকা ট্রাকগুলোর মতোই আমাদের অর্থনীতির গতিও থমকে যাওয়ার আশঙ্কা থেকে যায়। সংকট দীর্ঘস্থায়ী হয়ে অর্থনীতির গতিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করার আগেই তাই দ্রুত, সমন্বিত ও দূরদর্শী পদক্ষেপ নিতে হবে। কারণ এটি কেবল মুনাফার প্রশ্ন নয়, টিকে থাকার লড়াই।




Comments