Image description

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নে একটি রাস্তা নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও সরকারি অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। ১৩ লাখ টাকা বরাদ্দের এই প্রকল্পে নামমাত্র কাজ করে অধিকাংশ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে জানা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে খারুয়া ইউনিয়নের চালূয়াপাড়া ঈদগাহ মাঠ থেকে বেপারীপাড়া রিয়াজ উদ্দিন মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ও এইচবিবি (ইটের সলিং) করণের জন্য প্রায় ১৩ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়। এই প্রকল্পের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় ইউপি সদস্য মো. রিয়াজ উদ্দিন।

অভিযোগ উঠেছে, নান্দাইল পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) অফিস থেকে ইতোমধ্যে দুই কিস্তিতে বরাদ্দের সমুদয় টাকা উত্তোলন করে নেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্প স্থানে কোনো সরকারি সাইনবোর্ড টাঙানো হয়নি। রাস্তার দুই পাশে মাটি কাটার কথা থাকলেও তা করা হয়নি। এমনকি রাস্তার সলিং কাজে অত্যন্ত নিম্নমানের ২ ও ৩ নম্বর ইট ব্যবহার করে দায়সারাভাবে কাজ শেষ করা হয়েছে। এলাকাবাসীর দাবি, ১৩ লাখ টাকা বরাদ্দের এই রাস্তায় বড়জোর ৪ থেকে ৫ লাখ টাকার কাজ হয়েছে, আর বাকি প্রায় ৮-৯ লাখ টাকাই পকেটে ভরেছেন সংশ্লিষ্টরা।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি অর্থের এমন অপচয় ও হরিলুট মেনে নেওয়া যায় না। তারা দ্রুত প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্পটি সরেজমিন তদন্ত করে অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা এবং রাস্তার দুই পাশে মাটি ভরাট নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রকল্প চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. রিয়াজ উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহলের দাবি, তদন্ত সাপেক্ষে এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মানবকণ্ঠ/ডিআর