Image description

সিরাজগঞ্জের তাড়াশে নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন— সিয়াম হোসেন (১৩), সুলতান মাহমুদ (৩২), সবুরা খাতুন (২৬), রহিম হোসেন (৩০), আব্দুল গফুর (৩২), মোস্তারিন পারভীন (৩০) ও রেহেনা খাতুন (২০)। আহতদের উদ্ধার করে প্রথমে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৫ জনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের দিন সকালে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন গ্রামের কয়েকটি বাড়ির সদস্যদের ভোটকেন্দ্রে যাওয়ার নির্দেশ দেন। তবে ওই পরিবারগুলো তার কথা না শুনে গ্রামের আরেক বিএনপি নেতা মো. নাসির উদ্দিনের আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেন। এই বিষয়টি নিয়ে আমিন উদ্দিন ও তার অনুসারীরা ওই পরিবারগুলোর ওপর ক্ষুব্ধ ছিলেন।

এরই জেরে শনিবার সকালে আমিন উদ্দিন ও তার ৮-১০ জন অনুসারী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ওই বাড়িগুলোতে হামলা চালায় এবং নারী-পুরুষ নির্বিশেষে বেধড়ক মারপিট করে। এতে দুই পরিবারের ৭ জন গুরুতর আহত হন। তবে অভিযুক্ত আমিন উদ্দিন হামলার বিষয়টি অস্বীকার করেছেন।

তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম আফসার আলী বলেন, ‘ঘটনাটির সঙ্গে জড়িত উভয় পক্ষই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নিয়েছি এবং চিকিৎসার ব্যবস্থা করেছি। স্থানীয়ভাবে বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর