Image description

নড়াইলের লোহাগড়া উপজেলার সারুলিয়ায ট্রেনের নিচে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। 

চাঁন মিয়া সারুলিয়া গ্রামের তামজেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া বাড়ির পাশে ট্রেন লাইনের পাশে ছাগলকে ঘাস খাওয়াতে ট্রেন লাইনে যান। ছাগল বাধার পর ছাগলটি দৌড়ে রেললাইনের উপর চলে গেলে তিনি ছাগলের দড়ি ধরে টেনে আনতে যান। একই সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে৷তার মৃত্যুতে পরিবারসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি রেলের জায়গায় হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নিবে। '

প্রসঙ্গতঃ নড়াইল জেলার উপর দিয়ে ট্রেন লাইন চালুর পর কয়েক মাসে আগে আরো এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যান। এ নিয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটলো।