Image description

রাজশাহীতে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলাটিতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজন এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার দুপুর ১২টা থেকে রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। মৃত শিশুদের বয়স যথাক্রমে ছয় ও সাত মাস এবং তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ১২৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত মোট ৩৯১ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, যার মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন। তবে উদ্বেগের বিষয় হলো, এ পর্যন্ত শুধুমাত্র রামেক হাসপাতালেই হামের উপসর্গ নিয়ে ৪০ জন শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালেও হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জেনারেল ম্যানেজার তারেক আজিজ জানান, শনিবার দিবাগত রাতে দুইজন এবং আজ রোববার সকালে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে দুইজন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নাটোর জেলার বাসিন্দা।

রাজশাহীতে হঠাৎ করে হামের এই ভয়াবহ বিস্তারে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকার আওতায় আনা এবং আক্রান্ত শিশুদের আলাদা রাখার পরামর্শ দিয়েছেন।

মানবকণ্ঠ/আরআই