Image description

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতরা হলেন— লক্ষ্মীপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সুমন (৩৯) এবং জামিল হোসেনের ছেলে ইয়াছিন (৩৫)। সম্পর্কে তারা একে অপরের আপন চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের চাচা রেজাউল ইসলাম ও তার ছেলে রাহাতের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে সুমন ও ইয়াছিন গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই ইয়াছিন মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় সুমনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এসময় হত্যাকাণ্ড ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, "নিহত দুজনেরই গলা ও পেটে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"

তিনি আরও জানান, এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি শিবগঞ্জ উপজেলাকে ভেঙে মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর