Image description

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মাদারীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে শহরের শকুনি লেকপাড়ের সার্কিট হাউস চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দেন।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার ও মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব। এছাড়া মাদারীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালিতে অংশ নেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে জনগণকে সচেতন করতে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহান্দার আলী মিয়া বলেন, "ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধ করা সম্ভব।"

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর