Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় উঠে এসেছে শরীফ ওসমান বিন হাদি এবং বিতর্কিত ‘আয়নাঘর’ প্রসঙ্গ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ‘পলিটিক্স অ্যান্ড ল: গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউশনস, ইন্সট্রুমেন্টস অ্যান্ড ইস্যুজ’ শীর্ষক কোর্সের পরীক্ষায় শিক্ষার্থীদের এসব সমসাময়িক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়।

প্রশ্নপত্রের একটি অংশে শহীদ ওসমান হাদির দুটি আলোচিত উক্তি উদ্ধৃত করা হয়। উক্তি দুটি হলো— ‘জান দেব, তবু জুলাই দেব না’ এবং ‘আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই’। এই উক্তিগুলোর ভিত্তিতে মানবাধিকারের পক্ষে ওসমান হাদির সংগ্রাম ব্যাখ্যা করতে বলা হয় শিক্ষার্থীদের। উল্লেখ্য, ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগেরই ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

একই পরীক্ষায় ‘আয়নাঘর’ নিয়েও প্রশ্ন রাখা হয়। সেখানে জানতে চাওয়া হয়, একটি ‘সিস্টেমেটিক টুল’ হিসেবে আয়নাঘর কীভাবে স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছিল।

এই কোর্সটির শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম। তিনি এ বিষয়ে বলেন, “আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সমসাময়িক ও জীবন্ত ইতিহাস নিয়ে পাঠদানের প্রবণতা কম। কিন্তু জুলাই বিপ্লব, আয়নাঘর এবং শহীদ ওসমান হাদির ইনসাফের ধারণা নিয়ে এখন আন্তর্জাতিক পরিসরে গবেষণা শুরু হয়েছে। শিক্ষার্থীদের নিজেদের তৈরি ইতিহাস নিয়ে একাডেমিক চর্চার সুযোগ করে দেওয়া এবং উচ্চতর গবেষণায় উৎসাহিত করতেই এই প্রশ্নগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।”

তিনি আরও জানান, পরীক্ষায় অংশ নেওয়া অনেক শিক্ষার্থীই জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা ছিলেন। তাদের অনেক সহযোদ্ধা শহীদ হয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন। তাই এসব বিষয়কে একাডেমিক ডিসকোর্সের আওতায় আনা নৈতিক দায়িত্ব বলে তিনি মনে করেন।

প্রসঙ্গত, গত বছরও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের এই কোর্সের পরীক্ষায় জুলাই বিপ্লব নিয়ে প্রশ্ন এসেছিল, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

মানবকণ্ঠ/ডিআর