ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত মোটরসাইকেল ও গাড়ি চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ দিয়ে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। জরুরি সেবার আওতায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী পরিবহন, সাংবাদিক, খাদ্য সরবরাহকারী, অনলাইন শপিং পরিবহন ও অন্যান্য সরকারি যানবাহন অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে অন্যান্য ব্যক্তিগত যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানানো হয়েছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে প্রতিদিন রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসমূহ বন্ধ রাখা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র অথবা ব্যাংক স্লিপ সঙ্গে রাখার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিদের উত্তর ও দক্ষিণ ক্যাম্পাসসংলগ্ন আবাসিক এলাকায় যাতায়াতের ক্ষেত্রে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে।
বিশ্বকাপ চলাকালে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




Comments