বেরোবিতে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শুরু ৮ জুলাই, ক্লাস ১৫ জুলাই
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামীকাল ৮ জুলাই (বুধবার) থেকে শুরু হচ্ছে। এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে আগামী ১৫ জুলাই থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছভুক্ত (GST) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে সংশ্লিষ্ট অনুষদের নির্দিষ্ট বুথে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।
জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভর্তি বুথগুলো প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় স্থাপন করা হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি হবে প্রশাসনিক ভবনের তৃতীয় তলার ৩২১ নম্বর কক্ষে। কলা অনুষদের ভর্তি কার্যক্রম চলবে কবি হেয়াত মামুদ ভবনের তৃতীয় তলায় এবং বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি হবে প্রশাসনিক ভবনের চতুর্থ তলার ৪০৪ নম্বর কক্ষে।
ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (স্বাক্ষরিত), পূরণকৃত ভর্তি ফরম, ফি জমা দেওয়ার রশিদ, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, মূল নম্বরপত্র জমাদানের স্লিপের ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। কোটাধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার মূল সনদের ফটোকপি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৫ জুলাই থেকে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে নতুন সেমিস্টারের পাঠদান শুরু হবে। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ০১৩১৩-০১৩৩০৮ অথবা ০১৩১৩-০১৩৩০৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments