Image description

টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ের ১৫৮ জন মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) সখীপুর উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এই কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

মেধাবীদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যারা মেধার স্বাক্ষর রেখে বৃত্তি পেয়েছ, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে তোমাদের আরও বেশি করে জ্ঞানার্জনে মনোনিবেশ করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ ও দেশের কাণ্ডারী। এ দেশের মানুষের কল্যাণে তোমাদেরই নেতৃত্ব দিতে হবে।”

পাশাপাশি শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন মাস্টার, সহ-সভাপতি আকবর হোসেন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন,সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার,উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সংবর্ধনা সভায় অংশ নেন।