Image description

নেপালের কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে উড্ডয়নের আগে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এতে ফ্লাইটটির ১২৭ যাত্রী কাঠমান্ডু বিমানবন্দরে আটকা পড়েছেন।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল এলাকা ছাড়লেও রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পর কারিগরি ত্রুটি ধরা পড়ে। পরে উড়োজাহাজটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং পাস অনুযায়ী, ফ্লাইটটির নম্বর বিজি৩৭২। বোর্ডিংয়ের সময় ছিল বিকেল ৩টা।

ফ্লাইটের এক যাত্রী জানান, উড়োজাহাজটি টার্মিনাল ছাড়ার পর হঠাৎ কারিগরি ত্রুটির কথা জানানো হয়। পরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে টার্মিনালে অপেক্ষায় রাখা হয়। দীর্ঘ সময় অপেক্ষা করলেও ফ্লাইট কখন ছাড়বে বা বিকল্প ব্যবস্থা কী হবে, তা নিয়ে শুরুতে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এতে বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডু কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার জানান, উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। তবে ত্রুটি মেরামতে কত সময় লাগবে, তা তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

তিনি জানান, বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। অন্য যাত্রীদেরও বিমানের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

বাবুল আক্তার আরও জানান, কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে দিনে দুটি ফ্লাইট পরিচালিত হয়। প্রথম ফ্লাইটে প্রায় ১২৭ জন যাত্রী ছিলেন। তাদের দ্রুত ঢাকায় পৌঁছে দিতে বড় একটি উড়োজাহাজ কাঠমান্ডুতে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই উড়োজাহাজে প্রথম ফ্লাইটের সব যাত্রীকে একসঙ্গে ঢাকায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এসএস