Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার, উদ্বাস্তু ও আশ্রয়হীন ব্যক্তিদের পুনর্বাসন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে ক্যাম্পাসে উদ্বাস্তু, ভবঘুরে ও আশ্রয়হীন ব্যক্তিদের বিষয়ে নিয়মিত নজরদারি, তাদের পুনর্বাসন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি অ্যাকটিভ মনিটরিং টিম গঠনের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ডাকসুর প্রতিনিধিদলে ছিলেন ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা ও আনাস ইবনে মুনির। এ সময় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকার নিরাপত্তা পরিস্থিতিও মন্ত্রীর কাছে তুলে ধরেন ডাকসুর প্রতিনিধিরা। এসব এলাকায় মাদক সরবরাহ ও সেবন, হয়রানি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি আলোচনায় আসে।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সমস্যাগুলোর দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা। এ ছাড়া নারী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইনসহ বিভিন্ন আধুনিক বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা চালুর প্রস্তাব দেন ডাকসুর প্রতিনিধিরা।

ডাকসুর প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

এম আর এ